আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ হৃদয়বিদারক ঘটনায় মাদ্রাসা, স্থানীয় এলাকাসহ নিহতদের নিজ নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২১ জুন) সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ আদায়ের প্রস্তুতি হিসেবে কয়েকজন শিক্ষার্থী অযু করছিলেন। এ সময় হঠাৎ প্রবল বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাসিন্দা বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান এবং একই এলাকার বাসিন্দা আবু জাফর।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা প্রাঙ্গণে স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের মাতম শুরু হয়। নিহতদের পরিবারের সদস্যরা খবর পেয়ে মাদ্রাসায় ছুটে আসেন। তাদের আহাজারিতে উপস্থিত সবার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্য কামনা করেছেন।
এদিকে, বজ্রপাতের ঘটনায় তিন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।